বর্ষা আসতে এখনো দিন দশেক বাকি। বর্ষার উৎস মৌসুমি বায়ু কেবল বঙ্গোপসাগরের শেষ সীমানা আন্দামান দ্বীপ পার হয়েছে। এর আগেই রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম—সবখানেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে নয়টার মধ্যেই রাজধানীতে ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকাল নয়টার পর সন্ধ্যা ছয়টা পর্যন্ত আরও তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে। চট্টগ্রামেও বৃষ্টি কম হয়নি। দেশের সর্বোচ্চ ১৬১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে সেখানে।
ঢাকায় আজকের বৃষ্টি ছিল গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৭ সালের ১২ জুন রাজধানীতে ১৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এই চার বছরের মধ্যে আজ মঙ্গলবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। আগের বছরগুলোতে এমন বৃষ্টি হয়েছে মূলত বর্ষায়। বর্ষার আগে এমন বৃষ্টির রেকর্ড খুব একটা নেই। এই সময়ে এত বৃষ্টি একটু অস্বাভাবিকই বলছেন আবহাওয়াবিদেরা।
Tags:
news
